চাঁদাবাজি বন্ধের দাবিতে রাজধানীর কাওরান বাজারে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কাওরান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এই হামলা হয়, পরে সেখানে সেনাবাহিনী অবস্থান নেয়।মানববন্ধন চলাকালে হামলার পর ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করেন, ফলে দুর্বৃত্তদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করছে, কারণ তারা প্রতি মাসে মাসোহারা পায়, তাই হামলার পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।
এক ব্যবসায়ী বলেন,
“আমরা শান্তিপূর্ণভাবে চাঁদাবাজি বন্ধের জন্য মানববন্ধন করছিলাম, কিন্তু হঠাৎ আমাদের ওপর হামলা করা হয়। পুলিশ সেখানে উপস্থিত ছিল, তবুও হামলা কিভাবে হলো তা জানতে চাই।”
আরেক ব্যবসায়ী জানান, স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের বাহিনী তাদের ওপর হামলা করেছে এবং শান্তিপূর্ণ অবস্থানকে উত্তপ্ত করেছে। তারা এই হামলার তীব্র নিন্দা জানান।এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, “আমি বিষয়টি অবগত হয়েছি। এজাহার দিলে মামলা হবে। এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না।” ঘটনার পরপরই এলাকায় সেনাবাহিনী অবস্থান নিয়েছে।