চাঁদাবাজ ধরা পড়তেই সেনাবাহিনীর তোয়াজ – সারজিসকে নিয়ে মন্তব্য ইমির

বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল শাখার মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি সেনাবাহিনী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করেন। তবে তার এই পোস্টের পরপরই এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি কড়া প্রতিক্রিয়া জানান।

সারজিসের পোস্টটি শেয়ার করে ইমি মন্তব্য করেন,

“এক টিম চাঁদাবাজ ধরা পড়তেই সেনাবাহিনীর তোয়াজ শুরু হয়ে গেছে।”

সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে আলোচনায় আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির কয়েকজন নেতাকর্মীর নাম। সাবেক সাংসদ শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়েন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ পাঁচজন ছাত্রনেতা।

সূত্রমতে, এই ঘটনায় এনসিপির একাধিক নেতাকর্মীর প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আর সেই প্রেক্ষাপটেই ইমির মন্তব্যকে অনেকে এই ঘটনার প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখছেন।

দলের অভ্যন্তরেই সেনাবাহিনীর প্রশংসা ও বিতর্কিত ছাত্রনেতাদের ভূমিকা নিয়ে ভিন্নমত দেখা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত সারজিস আলম বা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *