দেশে জ্বালানি তেল সরবরাহ ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে প্রধান তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে জ্বালানি তেল বিপণনের ক্ষেত্রে কিছু এলাকায় ডিলারদের আকস্মিক বাড়তি চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপো ঝুঁকির মধ্যে রয়েছে। এসবের মধ্যে রয়েছে খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ী, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপো।
বার্তায় আরও উল্লেখ করা হয়, দেশের জ্বালানি তেলের ডিপোগুলো ‘কেপিআই’ বা গুরুত্বপূর্ণ স্থাপনার অন্তর্ভুক্ত হওয়ায় এগুলোর নিরাপত্তা জরুরি ভিত্তিতে নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে উল্লিখিত স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এর আগে গত শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান মো. রেজানুর রহমান তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দেন। তাঁর স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে অনুরোধ জানানো হয়।