আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
তিনি বলেন,
“প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এর চেয়ে বড় সুখবর আর কিছু হতে পারে না।”
নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে মোস্তফা জামাল হায়দার আরও বলেন,
“নৈরাজ্যের সমাধান নির্বাচনের মাধ্যমেই সম্ভব। একটি অংশগ্রহণমূলক নির্বাচনই জাতীয় সংকটের সমাধানের পথ খুলে দেবে।”
বিকেল ৫টায় শুরু হওয়া এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে অংশ নেন ১৪টি রাজনৈতিক দল ও জোটের ১৪ জন প্রতিনিধি। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।