এখন পর্যন্ত ৬২ দশমিক ৪ শতাংশ উদ্ধার হয়েছে বলে জানান সেনাপ্রধান

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে মোট ৩ হাজার ৬১৯টি অস্ত্র লুটের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানান, লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ২ হাজার ২৫৯টি, অর্থাৎ ৬২ দশমিক ৪ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এসব তথ্য তুলে ধরেন।

সেনাপ্রধান আরও জানান, একই সময়ে মোট ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড গুলি লুট হয়। এর মধ্যে এখন পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ১০০ রাউন্ড বা প্রায় ৫২ শতাংশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের সময় জনমনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পারস্পরিক সমন্বয় ও আলোচনার মাধ্যমে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশ একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও মুহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *