গাজীপুরের কালীগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি স্যাটেলাইট গ্যাস প্লান্টে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে অনিয়মের প্রমাণ মিললে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া (মূলগাঁও) এলাকায় অবস্থিত বিএম এনার্জি বিডি লিমিটেডের কারখানায় এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত পাইকারি মূল্য থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। এ অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান সম্পর্কে গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব দে আকাশ বলেন, এটি পূর্ববর্তী অভিযানের ধারাবাহিকতায় পরিচালিত একটি ফলোআপ মোবাইল কোর্ট। এর আগে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে একাধিক অভিযান চালানো হয়েছে।
তিনি আরও জানান, তদন্তে দেখা গেছে, গ্রাহকদের চালানে সরকার নির্ধারিত মূল্য উল্লেখ থাকলেও বাস্তবে মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছিল। এমন অভিযোগ শুধু একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আরও কয়েকটির বিরুদ্ধেও রয়েছে।
মেজর অর্ণব দে আকাশ বলেন, বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হলেও তাদের উচিত সব ধরনের অনৈতিক কার্যক্রম পরিহার করে আইন মেনে ব্যবসা পরিচালনা করা।
সাধারণ ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বিআরসি নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে এবং অতিরিক্ত মূল্য দাবি করা হলে তা প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ জানাতে হবে।