নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে তিনি উল্লেখ করেন, পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ গ্রহণ না করা পর্যন্ত সহায়তার লক্ষ্যে সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আয়োজিত সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও যুক্ত ছিলেন।
সেনাপ্রধান নির্বাচনী দায়িত্ব পালনকালে সেনাসদস্যদের ‘চমৎকার দায়িত্বশীলতা’ ও পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশ ও জনগণ এই অবদান স্মরণ রাখবে।
ভাষণের এক পর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।’