কক্সবাজারে এনসিপি নেতাদের গোপন বৈঠক, পিটার হাসের নাম ঘিরে ধোঁয়াশা

অতি গোপনে কক্সবাজার সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চারজন শীর্ষ নেতা। একাধিক গোয়েন্দা সংস্থা ও নির্ভরযোগ্য সূত্রের দাবি, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যেই তাদের এই সফর। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সফররত এনসিপি নেতারা হলেন-তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান তারা। কক্সবাজার বিমানবন্দরে কর্মরত একাধিক ফ্লাইট এজেন্সির কর্মী তাদের আগমন নিশ্চিত করেছেন।

বর্তমানে তারা ইনানী এলাকার পাঁচ তারকা হোটেল ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (রয়েল টিউলিপ)-এ অবস্থান করছেন। হোটেলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “কোনো আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর ১২টার পর নেতারা হোটেলে প্রবেশ করেন।”

তবে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে হোটেল কর্তৃপক্ষ সরাসরি কিছু বলতে রাজি হয়নি। একজন কর্মকর্তা বলেন, “পিটার হাসকে দেখতে পাওয়ার মতো একজন ব্যক্তি হোটেলে এসেছেন, তবে তিনি সত্যিই পিটার হাস কিনা, তা নিশ্চিত নই।”

অন্যদিকে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, সাড়ে ৩টার একটি ফ্লাইটে এনসিপির নেতারা কক্সবাজার ত্যাগ করবেন। যদিও বিমান সংস্থার সূত্র অনুযায়ী, পিটার হাস গত ১০ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করেন এবং তারপর থেকে তিনি দেশে ফেরেননি।

একটি পৃথক সূত্র দাবি করেছে, পিটার হাসের সঙ্গে বৈঠকের কথা বলে এনসিপি নেতারা অন্য কোনো দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন।

এ বিষয়ে এনসিপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি। তবে এনসিপির একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে জানিয়েছেন, “পার্টির ভেতরে পিটার হাসের সঙ্গে বৈঠক সংক্রান্ত আলোচনা চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *