চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশিদের মরদেহ উদ্ধার

সাবেক সেনাপ্রধান ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট এম হারুন-অর-রশিদের মরদেহ চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেসটিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম।

চট্টগ্রাম কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “উনি রাতে ক্লাবের গেস্ট হাউজে ছিলেন। আমরা খবর পেয়ে এসেছি। কীভাবে কী হয়েছে পরে বিস্তারিত বলতে পারব।”

৭৭ বছর বয়সী এম হারুন-অর-রশিদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে।

২০০০ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের জুনে অবসর নেন। পরবর্তীতে তাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় সরকার।

এম হারুন-অর-রশিদ সেক্টর কমান্ডার্স ফোরামের সাবেক মহাসচিব ছিলেন। ২০০৬ সালে তিনি ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন, যার পরবর্তী কয়েক বছরে ডেসটিনির ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *