বৈসাবি উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবেঃ সেনাবাহিনী

খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈসাবি উৎসবের আনন্দ নষ্ট করতে একটি চক্র সক্রিয় থাকার তথ্য রয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং সামাজিক নেতৃবৃন্দকে একযোগে সতর্ক থাকার আহ্বান জানান।

রোববার খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরের সম্মেলন কক্ষে জেলার নিরাপত্তা বিষয়ে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক।

সমন্বয় সভায় রিজিয়ন সদর দপ্তরের জিএসটু মেজর কাজী মোস্তফা আরেফিন বৈসাবি উৎসবকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি তুলে ধরেন। তিনি বলেন, পূর্বের মতোই ইউপিডিএফ সামাজিক অনুষ্ঠান ও উৎসবের আনন্দে বিঘ্ন সৃষ্টির জন্য বিভিন্ন তৎপরতা চালাতে পারে। এতে গুজব ছড়ানো, পর্যটকদের হয়রানি, জ্বালানি সংকটকে ইস্যু করা এবং অন্যান্য ষড়যন্ত্র অন্তর্ভুক্ত হতে পারে। তবে এসব পরিকল্পনার মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে প্রস্তুত রয়েছে।

নিরাপত্তা সমন্বয় সভায় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদিমুল ইসলাম, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, বিজিবি সেক্টরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *