ব্রজেন দাসের পথ ধরে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু

দীর্ঘ ৩৭ বছর পর আবারও বাংলাদেশের সাঁতারুদের পদচারণায় গৌরবময় ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর সফলভাবে সাঁতরে পার হয়েছেন ইংলিশ চ্যানেল।

মঙ্গলবার (২৯ জুলাই) টানা ১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরে এই কৃতিত্ব অর্জন করেন দুই সাহসী সাঁতারু। এর আগে, জুলাই মাসের শুরুতে তারা লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রস্তুতি হিসেবে যুক্তরাজ্যে গিয়ে অন্তত ১০ দিন অনুশীলন করেন তারা।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন জানিয়েছিলেন, দুই সাঁতারুই একই ফ্লাইটে লন্ডন গিয়েছেন। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া এটি বাংলাদেশের পঞ্চম ও ষষ্ঠ সাফল্য। এর আগে এই চ্যানেল জয় করেছিলেন মাত্র তিনজন। সর্বপ্রথম, ১৯৫৮ সালে কিংবদন্তি ব্রজেন দাস চ্যানেল পাড়ি দিয়ে শুধু বাংলাদেশের নয়, পুরো এশিয়ার গর্ব হন। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে তিনি মোট ছয়বার এই চ্যানেল অতিক্রম করেন এবং সবচেয়ে কম সময়ে পার হওয়ার রেকর্ডও গড়েন।

এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল জয় করেন।

উল্লেখ্য, ইংলিশ চ্যানেলের পানির তাপমাত্রা সাধারণত ১৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। ঠান্ডা স্রোত, উচ্চ ঢেউ ও দীর্ঘ সময় পানিতে থাকার কারণে এটি বিশ্বের অন্যতম কঠিন চ্যানেল সাঁতারের চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত। এই প্রেক্ষাপটে হিমেল ও সাগরের এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *