
গাজীপুরের টঙ্গীতে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যোগ দিয়েছেন।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টা ১৩ মিনিটে এ তথ্য জানান।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বুধবার সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।