আর্টডক ডে উপলক্ষে ময়মনসিংহ সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান । রোববার (১৯ এপ্রিল) তিনি সেখানে যান।
পরিদর্শনের সময় সেনাপ্রধান আর্টডকের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং চলমান গবেষণা উদ্যোগ সরাসরি পর্যবেক্ষণ করেন। এ সময় দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি সময়োপযোগী নানা সরঞ্জাম সম্পর্কে তিনি অবহিত হন এবং এসব ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা ও পৃষ্ঠপোষকতা দেওয়ার আশ্বাস দেন।
তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল এবং আধুনিক সামরিক ধারণা নিয়ে মতবিনিময় করেন। পরে সেনাপ্রধান ই-লার্নিং সুবিধাসম্পন্ন একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন।
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ সামরিক নেতৃত্ব গড়ে তোলা, জ্ঞানভিত্তিক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং, সামরিক সচিব, ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং সংশ্লিষ্ট ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।