
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সামরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, যৌথ ও দ্বিপাক্ষিক প্রশিক্ষণ, সামরিক শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং কৌশলগত যোগাযোগ জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে মেজর জেনারেল ক্রিস স্মিথ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা আরও বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করেন।
অপরদিকে, প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামরিক সহযোগিতার অগ্রগতির কথা তুলে ধরে ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে।