সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশঃ যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদারের বিষয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী ১০ম স্থলবাহিনী সংলাপ।

সোমবার (২৬ অক্টোবর) শুরু হওয়া এ সংলাপ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শেষ হয়। এতে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপ শুরুর আগে ২৬ অক্টোবর সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল জাইলস জে. এস. কর্নেলিয়া। তিনি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সেনা কমান্ডের কৌশল ও পরিকল্পনাবিষয়ক উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।

সংলাপে দুই দেশের সামরিক সহযোগিতা সম্প্রসারণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রতিনিধিরা।

এ ছাড়া প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দুই দেশের সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও ঐকমত্য হয়।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত এ ধরনের সংলাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি, পেশাগত জ্ঞান বিনিময় এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *