খাগড়াছড়ি জেলার রামগড় ও পানছড়ি উপজেলায় একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী পৃথক দুটি অভিযান

খাগড়াছড়ি জেলার রামগড় ও পানছড়ি উপজেলায় একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্য নিহত হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আইএসপিআর এর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ১০টার দিকে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত এক অভিযানে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গোলাগুলি হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে গোষ্ঠীটির এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান, ২৭ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

এর আগে, ২৩ জুন দুপুর ২টার দিকে পানছড়ি উপজেলার বারোখাল এলাকায় পরিচালিত আরেকটি অভিযানের সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে সেনাবাহিনী পাল্টা ব্যবস্থা গ্রহণ করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। অভিযান শেষে গোষ্ঠীটির দুই সদস্য আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *