পার্বত্য চট্টগ্রামে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা প্রদান এবং আর্থসামাজিক উন্নয়ন ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত ২৪ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন রিজিয়নের আওতাধীন জোনগুলোর উদ্যোগে এসব কার্যক্রম পরিচালিত হয়। এর আওতায় দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ বিভিন্ন সেবা ও সহায়তা পেয়েছেন।
কার্যক্রমের মধ্যে ছিল বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, কারিগরি ও কৃষি ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখা, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে নিয়মিতভাবে এ ধরনের মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।