জুরাছড়িতে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার সকালে নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হন স্থানীয় বাসিন্দা সঞ্চিতা চাকমা।

খবর পেয়ে স্থানীয় জনগণ, সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ জানান, সকাল সাড়ে ৮ টার দিকে একটি বসতঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবারসহ জরুরি সহায়তা দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত সঞ্চিতা চাকমা জানান, অগ্নিকাণ্ডে তার বসতঘরসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তিনি সর্বস্ব হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *