
গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মাটিরাঙ্গা জোনের উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে ১৭ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা জোনের আর্থিক ও সার্বিক সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের কারিগরি সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন, পিএসসি। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু, জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. রেজওয়ান তৌফিক ই রিজভীসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা নানা কারণে চ্যালেঞ্জিং। প্রশিক্ষণের মাধ্যমে তারা গর্ভকালীন পরিচর্যা, জরুরি প্রসবকালীন পরিস্থিতি মোকাবিলা, নবজাতকের যত্ন ও শিশুদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু উদ্যোগটির প্রশংসা করে বলেন, প্রত্যন্ত এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মাসুদ খাঁন বলেন, গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা সামাজিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। পাহাড়ি এলাকার মানুষ যাতে জরুরি সময়ে দ্রুত প্রাথমিক চিকিৎসা পেতে পারে, সে লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান এবং ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় মাটিরাঙ্গা জোনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান।