আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থায় আরো দক্ষ হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিঅ্যান্ডএস) বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এ আয়োজন ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, একবিংশ শতাব্দীর পরিবর্তিত যুদ্ধপরিস্থিতি মোকাবেলায় কোরের সদস্যদের আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকতে হবে। আধুনিক যোগাযোগব্যবস্থায় সিগন্যালস কোরকে আরো দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।অনুষ্ঠানে সেনাপ্রধান এসটিসিঅ্যান্ডএসে আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লে পরিদর্শন করেন। এ সময় সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিগত উদ্যোগ সম্পর্কে অবহিত হন।
এদিকে সিগন্যালস কোরের সপ্তম পুনর্মিলনী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন আবদুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান।