পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা মাঠে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ‘১ টাকার বাজার’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মেডিকেল ক্যাম্পেইনে চক্ষু, শিশুরোগ, স্ত্রীরোগসহ বিভিন্ন সাধারণ রোগে আক্রান্ত প্রান্তিক পাহাড়ী ও বাঙালী জনগণকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলে এ ধরনের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়াও ৫ শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে পরিচালিত হয় বিশেষ ‘১ টাকার বাজার’। যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নামমাত্র মূল্যে ক্রয়ের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার, সামরিক কর্মকর্তাবৃন্দ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
স্থানীয় জনগণের মতে, সেনাবাহিনীর এই সময়োপযোগী ও জনকল্যাণমূলক কার্যক্রম পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।