বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নে শিক্ষা, ক্রীড়া ও সুপেয় পানির সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে সিন্দুকছড়ি জোন।
এই উদ্যোগের আওতায় বাটনাতলী উচ্চবিদ্যালয়ে একটি স্পোর্টস ক্লাব ও একটি কম্পিউটার ক্লাব উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি দুর্গম আসালংপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি ওয়াটার পয়েন্ট স্থাপন করা হয়েছে।
বুধবার বাটনাতলী ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল শামস আজিজি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ মে ২০২৬ তারিখে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি বাটনাতলী আর্মি ক্যাম্প পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বৃদ্ধি, খেলাধুলার পরিবেশ উন্নয়ন এবং সুপেয় পানির সংকটের বিষয়টি তুলে ধরেন।
স্থানীয়দের সমস্যার কথা শুনে জিওসি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সিন্দুকছড়ি জোনকে অল্প সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
