খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ জন

দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে গতকাল (১২ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসাসেবা কার্যক্রমে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। এ সময় দুর্গম পার্বত্য এলাকার ৮৬১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা-পরামর্শ প্রদান করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। ফলে ভৌগোলিক ও যোগাযোগগত সীমাবদ্ধতার কারণে নিয়মিতভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণে যেসব মানুষ নানা সমস্যার সম্মুখীন হন, তাঁদের জন্য প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সহজতর হয়।

এ চিকিৎসাসেবা কার্যক্রমে দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের শত শত মানুষ উপকৃত হন। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি, শান্তি ও আর্থ-সামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও পার্বত্য এলাকার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *