শনিবার (২৫ এপ্রিল) রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এবং রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ঘাগড়া ক্যাম্পের আওতাধীন ঘাগড়া বাজার এলাকায় অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে মোট ২০টি অগ্নিনির্বাপক যন্ত্র হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করছে। অগ্নিকাণ্ডের মতো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা মোকাবিলায় আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, ঘাগড়া বাজারে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণের এই উদ্যোগ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জননিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন, বাজার কমিটির সভাপতি শাস্তি মনি চাকমা, সেক্রেটারি জিসু মনি চাকমা, সিএনজি সমিতির সেক্রেটারি রাসেল মিয়া এবং বাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়া স্থানীয় ধর্মীয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।
বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বাড়াতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।