যুক্তরাষ্ট্রের টেক্সাসের ‘লামার ইউনিভারসিটি’ আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশি তিন তরুণ গবেষক এস. এম. রাকিবুল ইসলাম, মোহাম্মদ রুবায়েত ইসলাম ও মোহাম্মদ সবুজ মিয়া আলোর বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ক্যান্সার, ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্তের নতুন পদ্ধতি নিয়ে কাজ করছেন।
গবেষকদের মতে, অত্যন্ত সংবেদনশীল অপটিক্যাল সেন্সরের মাধ্যমে রক্ত বা কোষের ক্ষুদ্রতম পরিবর্তনও ধরা সম্ভব, যা ভবিষ্যতে রোগ নির্ণয় ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।
এই গবেষণায় ব্যবহৃত হচ্ছে ফোটোনিক ক্রিস্টাল ফাইবারভিত্তিক অপটিক্যাল বায়োসেন্সর, যার মাইক্রোস্ট্রাকচারে থাকা সূক্ষ্ম বায়ু ছিদ্র আলোর সঙ্গে জৈবিক উপাদানের শক্তিশালী মিথস্ক্রিয়া তৈরি করে। এর ফলে মানবদেহের রক্ত বা কোষে সামান্য পরিবর্তনও শনাক্ত করা যায়। প্রযুক্তির সংবেদনশীলতা বাড়াতে এতে Surface Plasmon Resonance (SPR) যুক্ত করা হয়েছে, যেখানে ফাইবারে সোনার পাতলা স্তর ব্যবহার করে আলোর আচরণের সূক্ষ্ম পরিবর্তন বিশ্লেষণ করা হয়।
এই পদ্ধতিতে গ্লুকোজ, হিমোগ্লোবিন, অ্যালবুমিন ও ইউরিয়ার মতো গুরুত্বপূর্ণ উপাদান শনাক্ত করে ডায়াবেটিস, কিডনি ও লিভারের রোগসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী সমস্যার প্রাথমিক লক্ষণ নির্ণয় করা সম্ভব।
গবেষকদের লক্ষ্য, সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য এমন একটি প্রযুক্তি তৈরি করা, যা ভবিষ্যতে হাসপাতালের বাইরে থেকেও ব্যবহারযোগ্য হবে এবং স্বল্প খরচে আগাম রোগ শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।