জঙ্গল সলিমপুরে উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর সড়ক নির্মাণ কার্যক্রম শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করতে বাংলাদেশ সেনাবাহিনী সড়ক নির্মাণ কার্যক্রম শুরু করেছে। সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি) আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করে।

সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করা হবে, যা দীর্ঘদিন ধরে অবহেলিত ও দুর্গম এই পাহাড়ি জনপদের সঙ্গে মূল সড়ক নেটওয়ার্কের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক সেবার আওতা আরও বিস্তৃত হবে।

সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ২৬ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ জানান, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় জরুরি ভিত্তিতে প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, দুর্গম ও পাহাড়ি এলাকায় অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, পাহাড়ি ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চবিদ্যালয় পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে। এছাড়া আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির পাশ দিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সঙ্গে নতুন সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর দুর্গম ভূপ্রকৃতি, অবৈধ দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আলোচিত ছিল। সম্প্রতি যৌথবাহিনীর সফল অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর এই সড়ক নির্মাণ প্রকল্পকে স্থানীয়রা উন্নয়ন, নিরাপত্তা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট মহলের মতে, সেনাবাহিনীর এই উদ্যোগ বাস্তবায়িত হলে জঙ্গল সলিমপুরে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *