খাগড়াছড়ির দীঘিনালাতে দূর্গম বাঙল্যা পাড়ায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বাঙাল্যা পাড়া এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১২ মে) সকালে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম বাঙাল্যা করুণা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

কার্যক্রম পরিদর্শন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম উবায়দুল হক। এসময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা হতদরিদ্র মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন রিজিয়ন কমান্ডার। সভায় গ্রাম প্রধানরা এলাকার বিশুদ্ধ পানির সংকট, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং মোবাইল ও ইন্টারনেট সেবার সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *